মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটাভুটির মাধ্যমে শরীফনগর এমই স্কুলের স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)-র নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সমাজসেবী আব্দুল জলিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আব্দুল নূরকে দুই ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সয়রুন নেছা।
দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা খণ্ডের অধীন শরীফনগর এমই স্কুল প্রাঙ্গণে সোমবার এসএমসির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সদস্য সচিব পঙ্কজ চৌধুরী। প্রধান অতিথি ও প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিসি কুবাদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মইনুল হক, এ এম ফজলুল করিম চৌধুরী, হোসেন আহমেদ চৌধুরী, খাইরুল চৌধুরী-সহ সংশ্লিষ্টরা।
সভায় নির্বাচিত সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচনের আহ্বান জানান প্রিসাইডিং অফিসার কুবাদ উদ্দিন। চেয়ারম্যান পদে আব্দুল জলিল ও আব্দুল নূরের নাম প্রস্তাবিত হওয়ায় সর্বসম্মতভাবে নির্বাচন সম্ভব হয়নি। পরে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে দেখা যায়, আব্দুল জলিল পেয়েছেন ৮টি ভোট এবং আব্দুল নূর পেয়েছেন ৬টি ভোট। ফলে দুই ভোটের ব্যবধানে জয়ী হন আব্দুল জলিল। এরপর প্রিসাইডিং অফিসার কুবাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদ্যালয়ের নতুন এসএমসি চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে সয়রুন নেছার নাম প্রস্তাবিত হলে তাঁর বিপরীতে অন্য কোনও প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন এসএমসি-তে আব্দুল নূর, অশোক নমঃশূদ্র, নুরুল ইসলাম, ফরিদা বেগম, আব্দুর রহিম, সফিকুর রহমান, ছফিয়া বেগম-সহ মোট ২০ জন সদস্য রয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আব্দুল জলিল বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে কমিটির সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি। তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত চেয়ারম্যান।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রিসাইডিং অফিসার তথা সিআরসিসি কুবাদ উদ্দিন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে শরীফনগর এমই স্কুলের নতুন স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন কমিটির হাত ধরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে কতটা অগ্রগতি আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।



