১৪ থেকে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩৩তম শিলচর বইমেলা

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শিলচরের ঐতিহ্যবাহী ৩৩তম শিলচর বইমেলা-২০২৬ আগামী ১৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রবিবার শিলচরের সুভাষনগরে ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বইমেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বইমেলা কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক হারাণ দে। সভায় এবারের বইমেলাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হারাণ দে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুবীর ভট্টাচার্য, শংকর দাস ও শংকর দে। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন বিপ্লব পাল চৌধুরী। যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার। সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন প্রদীপচন্দ্র দাস ও বাহার উদ্দিন চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ এবং সহকারী হিসেবে ড. শ্রাবণী সরকার রয়েছেন। সাহিত্য সম্পাদক সুপ্রভা রাজকুমারী এবং সহকারী সাহিত্য সম্পাদক মৃদুলা ভট্টাচার্য। প্রচার সম্পাদক জয় রায় এবং সহকারী প্রচার সম্পাদক রাজু চৌধুরী। কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন তন্ময় চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য, নগেন্দ্র কিশোর সিনহা, তাপস নাথ প্রমুখ।

বইমেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ড. রাজদীপ রায়, জেলা কমিশনার রাহুলকুমার গুপ্তা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ, কবি অতীন দাশ, ড. কস্তুরী হোম চৌধুরী, গোষ্ঠলাল দাস প্রমুখ।

সভায় জানানো হয়, এবারের বইমেলায় কলকাতা, গুয়াহাটি, আগরতলা ও শিলচরের বিভিন্ন বুক ট্রাস্ট এবং প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য আসরের আয়োজন করা হবে। পাশাপাশি প্রকাশিত হবে একটি স্মরণিকাও। ৩৩তম শিলচর বইমেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার বইপ্রেমী মানুষ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি কামনা করেছে বইমেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *