জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আলগাপুর ব্লকে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হল ‘সেবা সংকল্প অভিযান’-এর। এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা উন্নয়ন কমিশনার (ডিডিসি) নরসিং বে। তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা গ্রহণের জন্য নাগরিকদের ব্লক কার্যালয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। ব্যাপক জনসংযোগের অঙ্গ হিসেবে এই প্রশাসনিক পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যশিবিরেরও আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে জেলা কমিশনার নিজেই অনুষ্ঠান পরিদর্শনে যান এবং কর্মসূচির সুচারু বাস্তবায়নের বিষয়ে উপস্থিত আধিকারিকদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

জেলার প্রতিটি কোণায় এই সুবিধে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অন্যান্য স্থানগুলোতেও একই ধরনের শিবিরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ অক্টোবর হাইলাকান্দি টাউন হলে, ৮ অক্টোবর লালার সদ্ভাবনা মণ্ডপে, ৯ অক্টোবর কাটলীছড়ার সদ্ভাবনা মণ্ডপে এবং ১০ অক্টোবর দক্ষিণ হাইলাকান্দির সদ্ভাবনা মণ্ডপে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। তালিকাভুক্ত সমস্ত শিবিরের কাজের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।



