বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : অকালে প্রয়াত হলেন শিলচর পানপট্টির তরুণ ব্যবসায়ী ও সমাজসেবী শান্তনু পাল (পিণাক)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। বৃহস্পতিবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শিলচরের সাউথ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকাল ৯টা ১৮ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি মা দীপালী পাল, স্ত্রী মৌসুমী পাল, শিশুপুত্র মিভান পাল, দাদা সুপ্রিয় পাল, দিদি সুতপা পালসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণমুগ্ধকে রেখে গেছেন।
শান্তনু পাল দীর্ঘদিন ধরে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বেচ্ছাসেবক হিসেবে সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে তাঁর মরদেহ পানপট্টির বাড়িতে নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনরা। তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন অসংখ্য বন্ধু, পরিচিত ও শুভানুধ্যায়ী।
শান্তনু পালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গনধীশানন্দজি মহারাজ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বেচ্ছাসেবকরা বৈদিক মন্ত্রোচ্চারণ ও গীতাপাঠের মাধ্যমে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পানপট্টির ব্যবসায়ী মহলের পক্ষ থেকেও তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
পরোপকারী ও সকলের প্রিয় হিসেবে পরিচিত শান্তনু পাল নাজিরপট্টি ক্লাবের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শিলচর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।



