হাতিখিরায় সবজির আড়ালে কফ সিরাপ পাচার, বাজেয়াপ্ত ৫৩ কার্টন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সবজি বোঝাই মিনি লরির আড়ালে ত্রিপুরায় পাচারের আগেই বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল বাজারিছড়া থানার পুলিশ। বুধবার হাতিখিরা এলাকার ২০ নম্বর বাইপাসে অভিযান চালিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার ৯৫০ বোতল এস্কাফ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ৫৩টি কার্টন উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, TR-01-AR-1893 নম্বরের একটি টাটা যোদ্ধা মিনি লরিতে সবজি ও কাঁচালঙ্কার আড়ালে কফ সিরাপগুলি রাখা হয়েছিল। ত্রিপুরার উদ্দেশ্যে পাচারের আগে হাতিখিরায় গাড়ি বদলের চেষ্টা চলছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সন্দেহজনক গতিবিধি স্থানীয়দের নজরে এলে চালক, সহচালক-সহ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা লরিতে তল্লাশি চালিয়ে সবজির নিচে কার্টন দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি খনীন্দ্র নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরে সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মাও ঘটনাস্থলে যান। লরি থেকে উদ্ধার হওয়া কার্টনের পাশাপাশি পাশের একটি জলাভূমি থেকেও আরও দুটি কার্টন উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, প্রতিটি কার্টনে ১৫০টি করে বোতল ছিল। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৭,৯৫০ বোতল এস্কাফ কফ সিরাপ। উদ্ধার সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

চুরাইবাড়ি এলাকায় নজরদারি এড়াতেই পাচারকারীরা হাতিখিরায় গাড়ি বদলের চেষ্টা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালক, সহচালক ও সহযোগীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কফ সিরাপের উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত চক্রের সন্ধানেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এর মাত্র ২৪ ঘণ্টা আগেও চুরাইবাড়ি ওয়াচ পোস্টে একটি কনটেনার লরি থেকে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার হয়েছিল। পরপর দুই দিনে ত্রিপুরাগামী পথে নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *