জাতীয় সড়কের ড্রেন-কাম-ফুটপাথ নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : জাতীয় সড়ক-৪৪ (নতুন জাতীয় সড়ক-৩৭)-এর গুরুত্বপূর্ণ অংশে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুধবার জাতীয় সড়কের ২২৬ ও ২২৭ কিলোমিটার অংশে বার্ষিক পরিকল্পনা ২০২৫-২৬-এর আওতায় NH-151-এর মিসিং লিঙ্ক এলাকায় নির্মীয়মাণ আরসিসি ড্রেন-কাম-ফুটপাথের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে জাতীয় সড়কের উভয় পাশে চলমান নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের কাছ থেকে প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের পরিধি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি।
শ্রীভূমি PWD NH ডিভিশনের অধীনে চলমান প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেন কৃষ্ণেন্দু পাল। পাশাপাশি নির্মাণকাজে যাতে গুণগত মানের কোনও আপস না হয়, সেদিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেন তিনি। প্রকল্পের প্রতিটি পর্যায়ে নির্ধারিত নকশা ও প্রযুক্তিগত মানদণ্ড মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কাজের গতি আরও বাড়ানোর পাশাপাশি নির্মাণের মান বজায় রাখা জরুরি। জাতীয় সড়কের পাশে উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও পথচারীদের নিরাপদ চলাচলের পরিকাঠামো গড়ে তুলতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, ড্রেন-কাম-ফুটপাথ নির্মাণ সম্পূর্ণ হলে বর্ষাকালে জল নিষ্কাশনের সমস্যা কমার পাশাপাশি জাতীয় সড়কের পাশে পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে। এদিনের পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট দফতর ও আধিকারিকদের কাছে স্পষ্ট বার্তা দেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *