দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। এরই মধ্যে বুধবার ৩২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মনোনীত প্রার্থী কল্পনা সিনহার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ভকতপুর-কাঠালরোড সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তথা ৩২ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধায়ক রাজেশ কুমার সিনহা, মহিলা কংগ্রেসের জেলা ভারপ্রাপ্ত সভানেত্রী দেবী সিনহা, সাধারণ সম্পাদিকা রুমা সিনহা-সহ দলীয় নেতা-কর্মীরা।
বক্তব্য রাখতে গিয়ে সজল আচার্য বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে কংগ্রেসের পক্ষে জনসমর্থনের দাবি করেন। তাঁর বক্তব্য, কংগ্রেস শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির কথিত অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিজেপির নেতা-কর্মীরা কংগ্রেসের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে মানুষ কংগ্রেসের পাশে থাকবে বলেও দাবি করেন তিনি।

৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী কল্পনা সিনহার প্রশংসা করে জেলা কংগ্রেস সভাপতি তাঁকে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ওয়ার্ডে কল্পনা সিনহার জনসংযোগ শক্তিশালী এবং নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
সভাটি পরিচালনা করেন ওয়ার্ডের দলীয় তত্ত্বাবধায়ক রাজেশ কুমার সিনহা। অনুষ্ঠানে বিশ্বজিৎ সিনহা, সুখেন্দ্র সিনহা, নির্মল সিনহা, নকুল সিনহা, রাজাবালা সিনহা, যতীন্দ্র সিনহা, নগেন্দ্র সিনহা, ঊষা সিনহা, সুফলা সিনহা, চন্দ্রজিনী সিনহা-সহ কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




