মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : পাথারকান্দির জোড়বাড়ি হাজি কাসিম আলি হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নে প্রায় সাড়ে চার কোটি টাকার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শনিবার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। সকাল প্রায় ১১টায় বিদ্যালয়ে পৌঁছে বিধায়ক ভবনের অবস্থা, শিক্ষার পরিবেশ, ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা ও অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। পরে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান সহ-শিক্ষক জন্মজিৎ নাথ। শিক্ষক এ এস হোসেন আহমেদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বক্তব্যে বিধায়ক সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তাঁকে জয়ী করার জন্য এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে এলাকার সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। দল-মত নির্বিশেষে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে বিধায়ক বলেন, পরিকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রায় সাড়ে চার কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যেই সরকারের কাছে পাঠানো হয়েছে।
এদিন যুবসমাজকে মাদকাসক্তির কবল থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ কুমার রায়, আব্দুল হাছিব প্রমুখ বক্তব্য রাখেন। প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক এ এস হুসেন আহমেদ।



