বরাকের দুই জেলায় দু’দিনের সফরে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার কাছাড় সফরে আসছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি লক্ষীপুরের বিন্নাকান্দি গ্রান্টে জেলার প্রবীণতম মহিলা সুনীলা দাসের বাসভবনে যাবেন। এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে পয়লাপুলের নেহরু কলেজ অডিটরিয়ামে ‘নেশামুক্ত ভারত সংকল্প’ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টায় সেখান থেকেই একটি সচেতনতামূলক পদযাত্রার সূচনা করবেন রাজ্যপাল।

আগামীকাল শুক্রবার রাজ্যপাল শ্রীভূমি জেলা সফর করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর আওতায় রাজ্যজুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলা সচেতনতা কর্মসূচিতে অংশ নিতেই তাঁর এই সফর।
রাজ্যপালের সফরকে কেন্দ্র করে বুধবার শ্রীভূমি জেলা কমিশনারের কার্যালয়ে জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদির সভাপতিত্বে প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজ্যপাল জেলা গ্রন্থাগার ভবনে পৌঁছে বৃক্ষরোপণ করবেন। পরে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। থাকবে জেলা কমিশনারের বক্তব্য এবং জেলায় নেশামুক্ত ভারত অভিযানের বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা।

অনুষ্ঠানে ‘মানস’ হেল্পলাইন ও ‘ড্রাগসমুক্ত অসম’ অ্যাপ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হবে। এরপর শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপারের বক্তব্যের পর সকাল ১১টা ১০ মিনিটে নেশামুক্ত ভারত অভিযানের ওপর সমবেত শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষে রাজ্যপাল আচার্য বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *