স্বচ্ছতা অভিযানে সোনাইয়ের রেসিডেনশিয়াল স্কুল ক্যাম্পাস পরিষ্কার

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সোনাইয়ের বরিলাটিলা রেসিডেনশিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে সাফাই অভিযানে সামিল হলেন স্থানীয় নাগরিকরা। শনিবার মডেল রেসিডেনশিয়াল স্কুল ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সাফাই অভিযানে অংশ নেন।

অভিযান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ মোহন সিংহ বলেন, পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রেসিডেনশিয়াল স্কুলটির নির্মাণকাজ সম্পন্ন হলেও এখনও উদ্বোধন হয়নি। তাই দ্রুত স্কুলটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

পাশাপাশি টেংনারপাড়ে আমজুর নদীর উপর নির্মিত সেতুটি প্রাক্তন বিধায়ক প্রয়াত শুভঙ্কর সিংহের নামে উদ্বোধনেরও দাবি জানান মোহন সিংহ। তিনি বলেন, রেসিডেনশিয়াল স্কুল নির্মাণের শর্তেই এলাকার জনগণ পাঁচ বিঘা জমি দান করেছিলেন।

মোহন সিংহ আরও জানান, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা বর্তমান বিধায়ক আমিনুল হক লস্করের প্রচেষ্টায় রেসিডেনশিয়াল স্কুল ও সেতু দু’টি প্রকল্পই বাস্তবায়িত হয়েছে। এলাকার উন্নয়নে বিধায়কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

এদিনের স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন রেসিডেনশিয়াল স্কুল ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক কে. নিরেন সিংহ, কে. বিদ্যমনি সিংহ, সাবিত্রী দেবী, হিমাংশু কাকতি-সহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *