বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : প্রচণ্ড ঝড়ের সময় গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৫৪ বছর বয়সি মহিবুদ্দিন আলির। শুক্রবার সন্ধ্যায় কামরূপ গ্রামীণ জেলার মাগুরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির পিছনে বাঁধা নিজের গবাদি পশু আনতে গিয়েছিলেন মাগুরি গ্রামের বাসিন্দা মহিবুদ্দিন আলি। সেই সময় আচমকা প্রবল ঝড় শুরু হলে একটি গাছ উপড়ে তাঁর উপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কমলপুরের মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মহিবুদ্দিনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, প্রবল ঝড়ে কামরূপের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরডেকপার, দ্বিগুণপার, লেজাশিঙর, গুইয়া, ডিমু ও আল্টাসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে বাড়ির চালের উপর পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়।



