দ্বিতীয় রেলপথের দাবিতে বদরপুর অ্যারিয়া ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ব্রডগজ রূপায়ন সংগ্রাম কমিটির

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : বরাক উপত্যকার সঙ্গে বহির্জগতের রেল যোগাযোগ আরও সুদৃঢ় করতে চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবিতে বদরপুরে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল তিন জেলার ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার কমিটির উদ্যোগে বদরপুর রেল বিভাগের অ্যারিয়া ম্যানেজারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে তিন জেলার প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় জনগণ ও সচেতন নাগরিকদের একাংশ অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমান রেলপথে বিপর্যয় দেখা দিলে বরাক উপত্যকার সঙ্গে বহির্জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। এতে যাত্রী ও পণ্য পরিবহণ উভয় ক্ষেত্রেই ব্যাপক সমস্যা তৈরি হয়। তাই বিকল্প হিসেবে প্রস্তাবিত গুয়াহাটি–লঙ্কা–বরাক উপত্যকা সংযোগকারী দ্বিতীয় রেলপথের নির্মাণকাজ অবিলম্বে শুরু করা জরুরি।

আন্দোলনকারীরা জানান, সরকারি পর্যায়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা সম্পন্ন করতে হবে। তাঁদের মতে, বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ পরিবহণের স্বার্থে দ্বিতীয় রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিনের কর্মসূচি থেকে বরাক উপত্যকার জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে দ্বিতীয় রেলপথের দাবি জানানো হলেও প্রকল্প বাস্তবায়নে এখনও প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। কেন্দ্র ও রেল মন্ত্রকের উপর চাপ সৃষ্টি করতে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগী হওয়ার দাবি জানান তাঁরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অজয় রায়।

ধরনা ও বিক্ষোভ শেষে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দল বদরপুর রেল বিভাগের এরিয়া ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে। পরে রেলমন্ত্রীর উদ্দেশে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তাঁর মাধ্যমে পাঠানো হয়।

কর্মসূচিতে অজয় রায়, ময়নুল হক, সুশীল কুমার পাল, পীযূষ চক্রবর্তী, জ্যোতিষ পুরকায়স্থ, মাধবী শর্মা, লক্ষ্মী দাসগুপ্ত, বদরুল হক চৌধুরী, কল্লোল চৌধুরী, হিফজুর রহমান, প্রেমাংশু পাল চৌধুরী, মুস্তাফা আহমেদ, তৌফিক উদ্দিন আহমেদ-সহ কমিটির বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *