‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষে কাছাড়ের বিহাড়া বিদ্যা নিকেতনে দেশাত্মবোধের আবহ

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশাত্মবোধের আবহে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কাছাড়ের বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এতে বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৪৩ জন পড়ুয়া অংশগ্রহণ করে। বিহাড়া বাজার পিএমশ্রী এমভি স্কুল, বিহাড়া দেশবন্ধু বিদ্যা নিকেতন, ৮১৫ নম্বর জগন্নাথ দে এলপি স্কুল, ১৫৩৪ নম্বর দীননাথপুর এলপি স্কুল, সাঞ্চুয়া উরাং এমই স্কুল এবং ৯২০ নম্বর তেলিছরা এলপি স্কুলের পাশাপাশি আয়োজক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি তথা বিশিষ্ট চিত্রশিল্পী গৌর কিশোর নাথ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও প্রদীপ প্রজ্বালনে অংশ নেন। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দে মাতরম্ সার্ধশতবর্ষ উদযাপন সমিতির সভাপতি কুলমণি মিশ্র, সম্পাদক সুব্রত রায়, বিহাড়া বাজার এমভি স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর আচার্য, মাণিক মালাকার, নিরুপম নাথ, ঝর্না দাস, সন্ধ্যারানি দাস, পিনাক দেব, সুরজিৎ সিনহা, সুধীররঞ্জন সিনহা, বিথিকা দাস-সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাপিয়া দাস।

সার্ধশতবর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলতে আগামী শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। শনিবার আয়োজিত হবে দেশাত্মবোধক নৃত্য ও গীত প্রতিযোগিতা।

উল্লেখ্য, ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতনে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের পরিকল্পনা অনুযায়ী, ওই দিন নির্ধারিত সময়ে দেশজুড়ে একযোগে সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’ সমবেতভাবে পরিবেশনের কর্মসূচি রয়েছে।
মূল অনুষ্ঠানে অঙ্কন, কুইজ, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক সমিতির কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *