বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন অভিজিৎ রায় (অপু)। দলীয় রাজনীতির বাইরে থেকে এলাকার উন্নয়ন ও দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানকে নির্বাচনী প্রচারের মূল ইস্যু হিসেবে তুলে ধরেছেন তিনি। সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অভিজিৎ রায় বলেন, এলাকাবাসীর সমর্থন ও আস্থার কারণেই তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, ফুটপাত এবং আবর্জনা ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক পরিষেবাগুলির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
অভিজিৎ রায়ের সমর্থকদের দাবি, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের জন্য কাজ করতে আগ্রহী একজন সমাজসেবী প্রার্থীকে এবার সুযোগ দেওয়া উচিত। তাঁদের মতে, ওয়ার্ডের দৈনন্দিন নাগরিক সমস্যাগুলির স্থায়ী সমাধানের জন্য একজন সক্রিয় ও জনমুখী প্রতিনিধির প্রয়োজন।
উল্লেখ্য, বুধবার মনোনয়নপত্র পেশ করেছেন দুই প্রার্থী। তাঁরা হলেন ৩৮ নম্বর ওয়ার্ডে পূরবী সরকার এবং ২৬ নম্বর ওয়ার্ডে রুবিনা বেগম মজুমদার। পূরবী সরকার প্রাক্তন পুর সদস্য রতন সরকারের স্ত্রী। বিজেপির প্রার্থী তালিকায় পূরবীর নাম না থাকায় বুধবারই তিনি নির্দল হিসেবে পেশ করেন মনোনয়নপত্র।



