শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : মেঘালয় থেকে বরাক উপত্যকায় অবৈধভাবে কাঠ পরিবহনের চেষ্টা চালানোর অভিযোগে কাছাড়ের দিগরখাল টোল গেটের চেকপোস্টে কাঠবোঝাই একটি ১২ চাকার ট্রাক আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং চেকপোস্টে কর্তব্যরত পুলিশের তৎপরতায় ট্রাকটি আটক করা হয় বলে জানা গেছে।
জানা গেছে, ট্রাকটিতে দু’টি পৃথক নম্বরের নম্বর প্লেট দেখতে পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রাকটির বৈধ নথিপত্র নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি বাজেয়াপ্ত করে শিয়ালটেক বিট অফিসে নিয়ে যান। পাশাপাশি ট্রাকের চালককেও বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, বন বিভাগের নজর এড়িয়ে মেঘালয় থেকে কাঠ বোঝাই ট্রাকটিতে অন্য এক ব্যক্তির নম্বর প্লেট ব্যবহার করে বরাক উপত্যকায় প্রবেশের চেষ্টা করা হয়েছিল। ইব্রাহিম নামে এক ব্যক্তির গাড়ির নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। অন্যদিকে, ট্রাকটির মালিকানা সংক্রান্ত বিষয়ে মলয় দাস নামে এক ব্যক্তির নামও উঠে এসেছে বলে সূত্রের দাবি।

এদিকে, চালকের বক্তব্যে পাঁচগ্রামের বাসিন্দা যাদু ঘোষের নামও উল্লেখ হয়েছে বলে জানা গেছে। চালকের বক্তব্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে অবৈধভাবে কাঠ পরিবহনের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগগুলির কোনওটিরই সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি। বন বিভাগের তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কারা, ট্রাকটির প্রকৃত মালিক কে, দু’টি নম্বর প্লেট ব্যবহারের কারণ কী এবং কাঠ পরিবহনের নেপথ্যে কোনও বৃহত্তর চক্র জড়িত রয়েছে কি না – এই সমস্ত বিষয় এখন তদন্তের আওতায় রয়েছে।




