৯ সেপ্টেম্বর : ‘ফ্লাইং ডক্টর’ পরিষেবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মীরাও রয়েছেন। কর্তৃপক্ষ ও দেশটির সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দাবানল থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযানও ব্যাহত হয়েছে। মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ার উলু বারামের লং লেলাং এলাকার কাছে চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের (MoH) কর্মী ও একজন পাইলটকে নিয়ে যাওয়ার সময় ফ্লাইং ডক্টর সার্ভিসের (FDS) হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বুধবার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি নিহত পাঁচজনের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আনোয়ার বলেন, এই কঠিন সময়ে নিহতদের পরিবারের সদস্যদের পাশে রয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি নিহতদের পরিবারের সদস্যদের শক্তি ও সাহস কামনা করেন।

তিনি বলেন, “আমি সংশ্লিষ্ট সব পক্ষকে নিহতদের পরিবারকে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর দেওয়ার এবং কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করা তথ্য না আসা পর্যন্ত কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানাই।”
নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে আনোয়ার আরও বলেন, “ইনশাআল্লাহ, নিহতদের পরিবারের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সহযোগিতা সরকার প্রদান করবে।”




