বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : অসম সিভিল সার্ভিস (ACS)-এর আধিকারিক দেবেশ্বর বরাকে গ্রেফতারের পর সোমবার রাতে ধেমাজি থেকে গুয়াহাটিতে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। মঙ্গলবার তাঁকে বিশেষ আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার আগে আইনি প্রক্রিয়া অনুযায়ী দেবেশ্বর বরাকে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স দফতর থেকে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি (Disproportionate Assets) সংক্রান্ত মামলায় সোমবার ধেমাজিতে নিজের দফতর থেকেই তাঁকে গ্রেফতার করে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের একটি দল।

অভিযোগ, কথিত দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জন করেছেন দেবেশ্বর বরা। চাকরি ও বিভিন্ন সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া, পাওনা পরিশোধ না করা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মতো একাধিক অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।




