রুকনিতে তলিয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশুর দেহ উদ্ধার

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে রুকনি নদীতে তলিয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশুর নিথর দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসলামাবাদ এলাকায় শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় মৃত ফুজায়েল আহমদের পরিবারকে। খবর পেয়ে পরিবারের লোক ধলাই পুলিশ পৌঁছে শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠায়।

উল্লেখ্য, সোমবার বিকেলে ভাগাবাজারের খাসপুর এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একমাত্র ছেলে সাড়ে তিন বছরের ফুজায়েল আহমদ রুকনি নদীতে তলিয়ে যায়। জানা যায়,  বিকেলে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন।  সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায় ছোট্ট ফুজায়েল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শিশুটিকে নদীর দিকে যেতে দেখা যায়। এরপরই পরিবারের সদস্যদের আশঙ্কা হয়, সে হয়তো নদীতে পড়ে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদীতে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।

ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। তবে রাত নেমে যাওয়ায় অন্ধকারের কারণে নদীতে ব্যাপকভাবে তল্লাশি চালানো সম্ভব হয়নি। সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। মর্মান্তিক এই ঘটনায় খাসপুরজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *