৮ সেপ্টেম্বর : জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত সিপিআইএমের জেলা কার্যালয় ‘সুভাষ সেন ভবন’-এ সোমবার রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের অভিযোগ, বিজেপি ও এবিভিপির সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালায়।
দলীয় সূত্রের দাবি, হামলাকারীরা কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এমনকি দলীয় লাল পতাকাতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এতে সিপিআইএমের জলপাইগুড়ি সদর এরিয়া সম্পাদক দেবরাজ বর্মন-সহ জেলা, ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা-কর্মী আহত হন। সিপিআইএমের দাবি, আহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।



