আসন সমঝোতা ঘিরে ক্ষোভ, আগুনে পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

Spread the news

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সহযোগী দল তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্ষোভের জেরে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

অভিযোগ, পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজের সাতটি ওয়ার্ডের প্রতিটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা। অন্যদিকে, ওই আসনগুলিতে বিজেপির কোনও প্রার্থী রাখা হচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ লুধুয়া উপরের বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। দিনের বেলায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুনে মুহূর্তের মধ্যেই দলীয় কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়ে দলের অভ্যন্তরে তৈরি হওয়া এই ক্ষোভ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *