মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : বৃহত্তর পাথারকান্দি এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। সোমবার পাথারকান্দি সমজেলা শাসক ত্রিদিব রায়ের আহ্বানে তাঁর চেম্বারে এলাকার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল
সদ্য পাথারকান্দি সমজেলার দায়িত্ব গ্রহণ করা ত্রিদিব রায় এলাকার বাস্তব পরিস্থিতি এবং সাধারণ মানুষের সমস্যাগুলি সম্পর্কে সরাসরি ধারণা পেতেই এই উদ্যোগ নেন। সভায় সাংবাদিকরা পাথারকান্দি শহরের দুর্বল ট্রাফিক ব্যবস্থা, স্থায়ী মোটরস্ট্যান্ডের অভাব, সরকারি হাসপাতালে রক্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকা এবং পাথারকান্দি ও বাজারিছড়া সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তার বিষয়গুলি তুলে ধরেন।
এছাড়াও বাজারিছড়া থানাধীন বিস্তীর্ণ এলাকায় অগ্নিনির্বাপক পরিষেবার ঘাটতি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত দমকল পৌঁছানোর ব্যবস্থা করার দাবি জানানো হয়। বাজারিছড়ায় একটি শববাহী গাড়ি বা ‘স্বর্গরথ’ চালুর দাবিও সভায় উত্থাপিত হয়। পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের প্রশাসনিক পরিষেবা পেতে নানা সমস্যার কথাও তুলে ধরেন সাংবাদিকরা।
সমজেলা কমিশনার ত্রিদিব রায় জানান, সভায় উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর, জেলা প্রশাসন এবং কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহযোগিতাও নেওয়া হবে বলে তিনি জানান।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান সাংবাদিকরা। সাংবাদিক সংগঠনের সভাপতি বিষ্ণুমূর্তি সিনহা, সাধারণ সম্পাদক মুজির উদ্দিনসহ বরিষ্ঠ সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে নিয়মিত এমন মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা বলেন।

সভায় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বৃহত্তর পাথারকান্দি এলাকার সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসা সমস্যাগুলির বাস্তব সমাধানের দিকেই এখন নজর এলাকাবাসীর।



