YCA ফুটবলের চ্যাম্পিয়ন দামছড়া, প্রথম মহিলা আসরে ডিলডাওকডাংয়ের শিরোপা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
কটামণি, ৭ সেপ্টেম্বর : টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই আর শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ—সব মিলিয়ে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে সোমবার পর্দা নামল ১২তম YCA ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর। একই সঙ্গে প্রথমবার আয়োজিত মহিলা YCA ফুটবল টুর্নামেন্টও সফলভাবে শেষ হলো। অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা মানিকবন্দ গ্রামের খেলার মাঠে ১৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক উন্মাদনা। অসম ও ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৬টি দল অংশ নেওয়ায় কয়েক সপ্তাহ ধরে মানিকবন্দের মাঠ পরিণত হয় ফুটবলপ্রেমীদের মিলনকেন্দ্রে।

পুরুষ বিভাগের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয় ত্রিপুরার দামছড়া একাদশ ও খুলিছড়া একাদশ। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। নির্ধারিত সময়ে কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।

সেখানেই স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি হাসে দামছড়া। পেনাল্টি শুটআউটে খুলিছড়াকে ১-০ গোলে হারিয়ে ১২তম YCA ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তোলে ত্রিপুরার দামছড়া একাদশ।

শিরোপা নিশ্চিত হতেই দামছড়ার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও রানার্স-আপ হয় খুলিছড়া। তবে ফাইনালে দুই দলের লড়াকু পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।
এবারের টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল প্রথম মহিলা YCA ফুটবল প্রতিযোগিতা। মহিলা বিভাগের ফাইনালে ডিলডাওকডাংয়ের প্রতিপক্ষ ছিল সিমলং (জ্যাকবনগর)। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

শেষ পর্যন্ত ১-০ গোলে সিমলংকে হারিয়ে ইতিহাসের প্রথম মহিলা YCA ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ডিলডাওকডাং। দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন আশা চোরেই।
প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় মহিলা ফুটবলারদের জন্য এমন প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতে, এই আয়োজন আগামী দিনে আরও তরুণীকে ফুটবলে উৎসাহিত করবে এবং স্থানীয় মহিলা খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে।

ফাইনালের পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠানও ছিল আকর্ষণীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি স্বম্পা চৌধুরী এবং খাগড়াগুড়া জিপি সভানেত্রী মিস জনি চোরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *