শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : মহিষ পাচারের অভিযোগকে কেন্দ্র করে কাছাড় জেলার জালালপুরের গুমড়া বাগান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে গুমড়া বাগান সড়ক দিয়ে পাঁচটি মহিষ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে তিন ব্যক্তি আটক হওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে খবর পেয়ে গুমড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, AS-11C-1242 নম্বরের একটি টাটা ডিআই গাড়িতে করে পাঁচটি মহিষ নিয়ে গুমড়া বাগান সড়ক দিয়ে যাচ্ছিলেন ওই তিন ব্যক্তি। সঙ্গে ছিলো ML-11-5523 নম্বরের আরও একটি এসপ্রেসো গাড়িও। স্থানীয়দের অভিযোগ, মহিষগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা গাড়ি দুটি আটক করেন এবং উভয় গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
অভিযোগ, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয়দের মারধরে তিন ব্যক্তি আহত হন। খবর পেয়ে গুমড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিনজনকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃত তিন ব্যক্তির নাম উমেজ উদ্দিন, মনাই উদ্দিন ও আসলাম উদ্দিন। তারা কালাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, আহত অবস্থায় উদ্ধারের পর তিনজনের শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাস্থল থেকে পাঁচটি মহিষ ও মহিষ পরিবহনে ব্যবহৃত টাটা ডিআই গাড়ির পাশাপাশি একটি এসপ্রেসো গাড়িও পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। মহিষগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল কি না – এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।
ঘটনাকে কেন্দ্র করে গুমড়া বাগান ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



