মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : শ্রীভূমি জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। দু’টি পৃথক স্থান থেকে মোট ২০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছায় যে, জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘরকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে নিষিদ্ধ মাদক ইয়াবা মজুত ও পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে। সেই খবরের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযান শুরু করে পুলিশ। শ্রীভূমি পুলিশের ডিএসপি মানসপ্রতিম চৌধুরীর নেতৃত্বে সদর পুলিশ এবং নিলামবাজার পুলিশের একটি যৌথ দল প্রথমে শ্রীকৃষ্ণনগর এলাকার একটি বাসগৃহে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। প্রথম অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর পুলিশ আরও তৎপর হয়ে ওঠে। গোপন সূত্র এবং তদন্তের ভিত্তিতে একই অভিযানের ধারাবাহিকতায় নিলামবাজার থানার অন্তর্গত বেরাজাল এলাকার অপর একটি বাসগৃহে অভিযান চালানো হয়। ওই বাড়িতেও তল্লাশি চালিয়ে আরও ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ফলে পৃথক দুটি অভিযান মিলিয়ে একদিনেই মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় শ্রীভূমি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, মাদক উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল নীলামবাজার এলাকার তাজির উদ্দিন, আফজাল হোসেন ও মুজাক্কির হাসান এবং পাথারকান্দি এলাকার আবুল ফজল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং কোথা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ইয়াবাগুলি জেলার বাইরে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। তবে এই মাদক কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে আন্তঃজেলা বা আন্তঃরাজ্য কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।



