বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রেল পরিষেবা ব্যাহত থাকার পর অবশেষে লামডিং-বদরপুর পাহাড় লাইনে কিছুটা স্বস্তি ফিরল। রবিবার নিউ হারাঙ্গাজাও স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে সফলভাবে অতিক্রম করল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এর ফলে এতদিন মূলত ৩ নম্বর লাইনের উপর নির্ভরশীল এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচলের ক্ষেত্রে নতুন করে গতি এল।
রেল সূত্রে জানা গেছে, নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন ১১৩/১-৩ কিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে ১ নম্বর ও ২ নম্বর লাইনে মাটি বসে যাওয়ার সমস্যা দেখা দিয়েছিল। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দুই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরিবর্তে সীমিত পরিসরে ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানো হচ্ছিল। এর ফলে পাহাড় লাইনে রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা দীর্ঘদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালান। মাটির স্থায়িত্ব, ট্র্যাকের অবস্থান এবং নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখার পর ধাপে ধাপে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর ২ নম্বর লাইনে ট্র্যাক লিঙ্কিংয়ের কাজ সম্পন্ন হয় এবং রেলের পক্ষ থেকে ট্র্যাক সার্টিফিকেট দেওয়া হয়।

এরপর ৪ সেপ্টেম্বর ওই লাইনে পরীক্ষামূলকভাবে একটি পণ্যবাহী ট্রেন চালিয়ে ট্র্যাকের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করা হয়। পরবর্তী দু’দিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর রবিবার যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। সেই অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সফলভাবে ২ নম্বর লাইন দিয়ে নিউ হারাঙ্গাজাও স্টেশন অতিক্রম করে।
তবে ১ নম্বর লাইনের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে পাহাড় লাইনে সম্পূর্ণ স্বাভাবিক রেল পরিষেবা ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে। রেলের তরফে ২ নম্বর লাইনের উপরেও নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
লামডিং-বদরপুর পাহাড় লাইন ডিমা হাসাও-সহ পার্বত্য এলাকার যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় একটি লাইন চালু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।



