শিলচর পুর নিগম নির্বাচন : ‘আমূল পরিবর্তন’, পরিচ্ছন্ন-সবুজ শহর গড়ার প্রতিশ্রুতি বিজেপির

Spread the news

রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মসূচি ও ঘোষণাপত্রের বিভিন্ন দিক তুলে ধরল ভারতীয় জনতা পার্টি। রবিবার ইটখলায় বিজেপির কাছাড় জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের অসম রাজ্য সভাপতি দিলীপকুমার শইকিয়া জানান, শিলচরের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শহরে ‘আমূল পরিবর্তন’ আনা হবে। একইসঙ্গে শিলচরকে পরিচ্ছন্ন, সবুজ, যানজটমুক্ত ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

দিলীপ শইকিয়া বলেন, শিলচরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী পুরনিগম নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। সীমানা পুনর্নির্ধারণের পর শিলচর পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ২৮ থেকে বেড়ে ৪২ হয়েছে। পুরনিগম এলাকায় ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি। ৪২টি ওয়ার্ডেই দলের সাংগঠনিক শক্তি রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, পুরনিগম নির্বাচনে বিজেপির প্রার্থী হতে মোট ২৪৯ জন আবেদন করেছেন। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে।

পুর নিগম নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে দিলীপ শইকিয়া বলেন, রাজনৈতিকভাবে শিলচর বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী। তাঁর দাবি, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিজেপি পুরনিগমের বোর্ড গঠন করবে।

মেয়র পদে মহিলা না পুরুষ—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের পর জয়ী কাউন্সিলরদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকেই মেয়র পদে বসানো হবে।

বিজেপির ঘোষিত কর্মসূচিতে ‘এক শহর, এক ডিজিটাল প্ল্যাটফর্ম’-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি সমন্বিত ‘Smart Silchar App’ চালু করার পরিকল্পনার কথা জানিয়ে শইকিয়া বলেন, এর মাধ্যমে জল, আবর্জনা, রাস্তা, স্ট্রিট লাইট, ড্রেনেজ, জন্ম-মৃত্যুর শংসাপত্র, সম্পত্তিকর ও নাগরিক অভিযোগ—একটি প্ল্যাটফর্ম থেকেই পরিচালনা করা যাবে। প্রতিটি অভিযোগের জন্য ট্র্যাকিং নম্বর এবং নির্দিষ্ট সময়সীমা রাখার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শহরে ২৪×৭ Integrated Emergency Response System গড়ে তোলার কথা জানানো হয়েছে।

শহরের আবর্জনা ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার লক্ষ্যে QR কোড ও GPS-ভিত্তিক ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে বিজেপি। নাগরিকরা QR কোডের মাধ্যমে আবর্জনা সংক্রান্ত তথ্য জানাতে পারবেন এবং নির্দিষ্ট স্থান থেকে সাফাইকর্মীরা আবর্জনা সংগ্রহ করবেন। পুরো প্রক্রিয়াটি GPS-এর মাধ্যমে নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় ১০ হাজার স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনার কথাও জানান শইকিয়া। ফাটকবাজার-সহ অন্যান্য বাজারের সংস্কার, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক পরিষেবা সহজ করতে বিভিন্ন এলাকায় ‘সেবা কেন্দ্র’ গড়ে তোলার কথাও বলা হয়েছে।

ভাষা শহিদদের স্মৃতিকে সম্মান জানাতে শিলচরে একটি ভাষা শহিদ জাদুঘর স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়।

শিলচরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিজেপি। বৈজ্ঞানিক পদ্ধতিতে নিকাশি ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান শইকিয়া।

একইসঙ্গে অর্ধসমাপ্ত উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার ওপরও জোর দেওয়া হবে। ‘ট্রিপল ইঞ্জিন সরকার’-এর মাধ্যমে শিলচরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করা হবে বলে তিনি জানান।

বিজেপির ঘোষিত কর্মসূচিতে ‘স্বচ্ছ শিলচর’, ‘আবর্জনামুক্ত শহর’, ‘জলাবদ্ধতামুক্ত শহর’ ও ‘যানজটমুক্ত শহর’ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যুবকল্যাণ, প্রবীণ নাগরিকদের কল্যাণ এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার দুই সদস্য কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কিশোর নাথ, কমলাক্ষ দে পুরকায়স্থ ও রাজদীপ গোয়ালা, দলের প্রভারী বিজয় মালাকার এবং প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *