বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : তেজপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দীর্ঘ প্রায় তিন মাস ধরে চলা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করল এআইডিএসও। সোমবার সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে ‘সেভ ক্যাম্পাস ডেমোক্রেসি ডে’ সারা দেশের সঙ্গে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসও’র কর্মীরা উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। বক্তারা বলেন, তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আর্থিক কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের অনিয়মিত বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের বিরত্বপূর্ণ সংগ্রামের প্রায় তিন মাস হতে চলল কিন্তু এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা ন্যাক্কারজনক। ছাত্র ছাত্রীদের ন্যায় সঙ্গত দাবিগুলো পূরণের পরিবর্তে পরিস্থিতিকে জটিলতর করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
তাঁরা বলেন, আজ গোটা দেশেই ছাত্র ছাত্রী সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। কিছুদিন পূর্বে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়েও ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে সরকার পিছু হটতে বাধ্য হয়। দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একই আচরণ করছে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের সরকার। আজ গোটা দেশের সংগ্রামী ছাত্র সমাজ ও সচেতন নাগরিকেরা তেজপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন করতে ছাত্রছাত্রীদের ন্যায় সঙ্গত দাবি অবিলম্বে মেনে নেওয়ার পক্ষে দাঁড়িয়েছেন। কাছাড় জেলা কমিটি পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিরত্বপূর্ণ সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পাশে থাকার ঘোষণা করে।



