মাতৃভূমি কাপের শেষ চারে ইসলামাবাদ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : গোলরক্ষক জেঠলি সিংহের দুর্দান্ত নৈপুণ্যে ট্রাইবেকারে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠল ইসলামাবাদ এফসি।

শনিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে এসএসএমএম এফসি কর্কটকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে ইসলামাবাদ। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। গ্যালারিতেও দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও সমর্থনে ছিল টানটান উত্তেজনা।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইসলামাবাদ। অন্যদিকে, লড়াই করেও টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কর্কট এফসি।

জয়ের পর ইসলামাবাদ এফসির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ম্যাচে অনবদ্য ক্রীড়াশৈলীর জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলরক্ষক জেঠলি সিংহ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ পিনাক চক্রবর্তী ও সমাজসেবী চপল কুমার দাস।

এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, জাফর বড়ভূইয়া ও সিদ্দিক লস্কর।

মাতৃভূমির সভাপতি সীতাংশু দাস জানান, আগামী ৭ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে শক্তিশালী জামালপুর দল ডাইবর্লাং এফসি জামিরখালের বিরুদ্ধে মাঠে নামবে। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়াইথাই এফসি ও ইসলামাবাদ এফসি। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মাতৃভূমি কাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *