মাছিমপুর কুমারপাড়ার মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : মাছিমপুর কুমারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত চারজনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ৩১ জুলাই জলের ট্যাঙ্কিতে পড়ে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

আকস্মিক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েন মৃতদের পরিজনরা। এই পরিস্থিতিতে পরিবারগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগ নেন এলাকার বিধায়ক ডাঃ রাজদীপ রায়। পরিবারের আর্থিক দুরবস্থার বিষয়টি বিবেচনা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান তিনি।

বিধায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার মাছিমপুর কুমারপাড়া এলাকার শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজদীপ রায়, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং মৃতদের পরিবারের সদস্যরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিধায়ক।

এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিধায়ক। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।

আপনজন হারানোর ক্ষত কোনও আর্থিক সহায়তাতেই পূরণ হওয়ার নয়। তবে দুঃসময়ে সরকারের এই সহায়তা পরিবারগুলোর কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা করছেন স্থানীয়রা।

একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, সেজন্য জলের ট্যাঙ্কি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *