দেশজুড়ে ৩,৮০০ শিশুশ্রমিক উদ্ধার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

Spread the news

৫ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন রাজ্য থেকে ৩,৮০০-রও বেশি শিশুকে উদ্ধার করল নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)। ১২ জুন থেকে ৩১ অগস্ট পর্যন্ত বিভিন্ন রাজ্যে চলে অভিযান।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শিশুশ্রমের সাথে যুক্ত, পাচার হওয়া শিশুদের উদ্ধার ও পুনর্বাসনের কার্যক্রম জোরদার করতে এনসিপিসিআর সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের সঙ্গে একযোগে পদক্ষেপ করেছে। এই অভিযানের সময়ে ৫৭৫টিরও বেশি এফআইআর নথিভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ১,৪৮০টি শিশু উদ্ধার হয়েছে, এর পর রাজস্থানে ৮০৪ এবং গুজরাটে ৬৩০টি শিশু উদ্ধার হয়েছে।

যেসব জায়গায় শিশুশ্রমের সম্ভাবনা বেশি, যেমন—কারখানা, ইটভাটা, হোটেল, ধাবা, বাজার এবং রেল স্টেশনগুলোতে এই অভিযান চলে। অভিযোগ, সামান্য টাকার বিনিময়ে এদের হাড়ভাঙা পরিশ্রম করানো হতো৷ উদ্ধার হওয়া শিশুদের পুনর্বাসন এবং মূল স্রোতে ফেরানোর উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের আমলাদের সঙ্গে আলোচনা করে এই শিশুদের যত দ্রুত সম্ভব পুনর্বাসন দেওয়া হবে, জানিয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *