বিনামূল্যে MBBS ও APSC কোচিং চালুর ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের

Spread the news

লক্ষীপুরে ২,২০০ HSLC পরীক্ষার্থীর হাতে সাজেশন বই_____

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : পরিশ্রম ও অধ্যবসায়কেই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে লক্ষ্মীপুরের পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার লক্ষ্মীপুরের নেহরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালের HSLC পরীক্ষার্থীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে সাজেশন বই বিতরণ কর্মসূচির সূচনা করে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী জানান, লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ২,২০০ জন HSLC পরীক্ষার্থীর হাতে এই সাজেশন বই তুলে দেওয়া হবে। আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত সরকারি বিদ্যালয়ে বই বিতরণের কাজ সম্পন্ন করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ এবং পড়ুয়াদের প্রয়োজন বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কৌশিক রায় বলেন, শুধুমাত্র HSLC পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই পড়ুয়াদের লক্ষ্য হওয়া উচিত নয়। ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য এখন থেকেই শক্তিশালী শিক্ষাগত ভিত তৈরি করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ভবিষ্যতে শিক্ষাক্ষেত্র ও কর্মসংস্থানে নিজেদের জায়গা করে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পড়ুয়াদের অতিরিক্ত সহায়তার জন্য সরকারি বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ক্লাস, কেরিয়ার গাইডেন্স এবং বিভিন্ন ধরনের কোচিং চালুর ঘোষণা করেন মন্ত্রী। আগামী বছর লক্ষীপুরে বিনামূল্যে এমবিবিএস কোচিং চালু করা হবে, যাতে পড়ুয়ারা চিকিৎসাবিদ্যার প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি আগামী বছরের প্রথম ভাগে এপিএসসি প্রস্তুতির জন্য একটি কোচিং কেন্দ্র চালুর কথাও জানান তিনি। শীঘ্রই অ্যাডেরের কোচিং ক্লাসও শুরু হবে বলে জানান মন্ত্রী।

সরকারি চাকরিতে মেধার গুরুত্ব তুলে ধরে কৌশিক রায় বলেন, পিছনের দরজা দিয়ে চাকরি পাওয়ার সুযোগ নেই। পড়ুয়াদের সাফল্য তাঁদের নিজেদের মেধা, পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের উপর নির্ভর করবে।

আগামী পাঁচ বছরে লক্ষীপুরের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। অনুষ্ঠানের শেষে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *