অরুণাচল প্রদেশের বর্ডুমসায় উত্তেজনা, SIR শুনানি ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ-গুলি

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর: ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার অধীনে নির্বাচনী তালিকা সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার বর্ডুমসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে SIR-এর শুনানি ব্যাহত হয়। জানা গেছে, অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (AAPSU), বর্ডুমসা স্টুডেন্টস ইউনিয়ন-সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা SIR প্রক্রিয়ায় চাকমা সম্প্রদায়ের সদস্যদের অন্তর্ভুক্তির অভিযোগে প্রতিবাদ জানান।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ ও গুলিচালনার ঘটনাও ঘটেছে বলে খবর। তবে কে প্রথম গুলি চালায় বা কী কারণে গুলিচালনার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এ ঘটনায় AAPSU-র এক নেতা দা বা ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছেন বলেও জানা গেছে।

পরিস্থিতির কারণে বর্ডুমসায় SIR-এর শুনানি স্থগিত করা হয়েছে। একই সময়ে, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ERO) কার্যালয়ে ভাঙচুরের খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারও বর্ডুমসায় শুনানির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। জানা গেছে, মোট ২৫২টি ফর্ম ৬-এর মধ্যে ২২২টি আবেদন এবং আরও ৩০৩টি আবেদনের মধ্যে ১৫০টি আবেদন নিয়ে শুনানি হওয়ার পরই প্রক্রিয়া ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *