শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা শুক্রবার উদযাপন করল ৩৫তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর একাধিক কর্মসূচির আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনায় সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি সুব্রত চক্রবর্তী। এরপর সংস্থার স্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মাল্যদান করেন সহ-সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী।
প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অন্যতম অংশ হিসেবে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরে সংস্থার কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার দীর্ঘ পথচলা, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি সুব্রত চক্রবর্তী, সহ-সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী এবং সম্পাদক সুমন দাস। তাঁরা জানান, আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে সংস্থার।

সভাপতি সুব্রত চক্রবর্তী জানান, প্রতিষ্ঠা দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও কয়েকটি কর্মসূচির আয়োজন করা হবে।
এদিনের অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা দিপঙ্কর গোস্বামী, মান্না পাল, শ্যামল নাথ-সহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।



