বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : একাধিক দাবিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেস। আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর আনাম মজুমদারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যুব কংগ্রেস কর্মী অংশ নেন। বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বিক্ষোভস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এখনও সুবিধা থেকে বঞ্চিত। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এর পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাধারণ মানুষের দুর্ভোগ-সহ একাধিক বিষয় নিয়ে সরব হন যুব কংগ্রেস কর্মীরা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভকারীরা জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও কর্মসূচি শুরু করেন। তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিধায়ক জুবাইর আনাম মজুমদার ও যুব কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে আনতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষ করে অরুণোদয় প্রকল্পে বঞ্চিতদের অন্তর্ভুক্ত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।



