৩ অক্টোবর শিলচর পুর নিগমের ভোট, গণনা ৬ অক্টোবর

Spread the news

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ৩ অক্টোবর শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। গণনা হবে ৬ অক্টোবর। বুধবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরনিগম এলাকায় কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি।

কমিশন জানিয়েছে, ৩ অক্টোবর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কোনও কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন হলে তা হবে ৫ অক্টোবর। গণনা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৮টায় এবং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা চলবে।

বুধবারই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর। ওই দিনই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। একই দিনে প্রকাশিত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

শিলচর পুর নিগমের মোট ভোটার ২ লক্ষ ৭০ হাজার ৭৭২ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৯ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪০ হাজার ৮৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। মোট ৩১৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
৪২টি ওয়ার্ডের মধ্যে ৫, ১২, ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত।

তফসিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ৩, ৪ এবং ১০ নম্বর ওয়ার্ড। এ ছাড়া, ৭, ১৪, ১৫, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ এবং ৪১ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। বাকি ১৭টি ওয়ার্ড অসংরক্ষিত।

প্রত্যেক প্রার্থীর নির্বাচনী ব্যয়ের ঊর্ধ্বসীমা তিন লক্ষ টাকা ধার্য করেছে কমিশন। স্বীকৃত জাতীয় দলগুলি সর্বাধিক ২০ জন এবং স্বীকৃত রাজ্য দলগুলি সর্বাধিক ১০ জন তারকা প্রচারকের নাম দিতে পারবে।
গত ১৫ জুলাই প্রকাশিত সচিত্র ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন হবে। ভোটারের পরিচয় যাচাইয়ের প্রধান নথি হিসাবে সচিত্র ভোটার পরিচয়পত্র বা ‘এপিক’ ব্যবহৃত হবে। তবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, মনরেগা জব কার্ড-সহ কমিশন অনুমোদিত বিকল্প নথিও দেখানো যাবে।

আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্থির বা গাড়িতে লাগানো মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। ভোটের প্রচারের ‘নীরব পর্ব’ শুরু হবে ১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায়। তা চলবে ভোটের দিন, অর্থাৎ ৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *