বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : স্টাডি ট্যুরে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক পড়ুয়ার। মৃত ছাত্রের নাম ডেনিস ভ্যানবাওয়িহ থাওং (১৬)। সে নিউ সিয়াহা ওয়েস্ট-১ এলাকার বাসিন্দা এবং সিয়াহার অ্যাডভেন্টিস্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্র। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ থেনজাওলার দিলপুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অ্যাডভেন্টিস্ট ইংলিশ অ্যাকাডেমির পড়ুয়ারা স্টাডি ট্যুরের অংশ হিসেবে AH&Vety দফতরের অধীন পর্যটনকেন্দ্র ‘দিলপুই’ পরিদর্শনে গিয়েছিল। সেখানে তারা বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপে অংশ নেয়। এরপর কয়েকজন পড়ুয়া সেখানে থেকে যায়। সেই সময় আচমকাই জলে ডুবে যান ডেনিস ভ্যানবাওয়িহ। বেশ কিছুক্ষণ পর তাঁকে জল থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে নিকটবর্তী আয়ুষ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, থেনজাওলায় থাকা অ্যাডভেন্টিস্ট ইংলিশ অ্যাকাডেমির পড়ুয়াদের জন্য থেনজাওল বাজার শাখা YMA-র পক্ষ থেকে জয়েন্ট YMA হলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। বুধবার বিকেলে ওই হলে শোকসভা ও শেষ শ্রদ্ধা জানানোর পর মৃত ছাত্রের দেহ সিয়াহায় নিয়ে যাওয়া হয়।



