বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর: মোহনপুর চতুর্থ খণ্ড এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নের দাবিতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্টের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দাবিতে হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবার যুগ্ম পরিচালক ডাঃ এমআই বড়ভূঁইয়ার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে মোহনপুর চতুর্থ খণ্ডে সাধারণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করতে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র অনুমোদন ও স্থাপনের দাবি জানানো হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে যুগ্ম পরিচালক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার পাশাপাশি প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের আশ্বাস দেন। সরকারি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি উপযুক্ত হলে সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, উত্তর মোহনপুর জুনিয়র বেসিক স্কুল থেকে জলিল চৌধুরীর বাড়ি পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের দাবিতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছেও একটি স্মারকলিপি দেওয়া হয়।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ওই বাঁধের সঙ্গে এলাকার বসতবাড়ি, কৃষিজমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা সরাসরি জড়িত। তাই শুধু সাময়িক মেরামত নয়, বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ জরুরি। আলোচনার সময় প্রধান প্রকৌশলী বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন। আগামী দুর্গাপূজার পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে সরেজমিনে এলাকা পরিদর্শনের আশ্বাস দেন তিনি। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে বাস্তব পরিস্থিতি পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহনপুর তথা হাইলাকান্দির সাধারণ মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের নজরে আনার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



