এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মঙ্গলবার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এক আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী স্বাগত ভাষণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার পটভূমি, বিগত বছরের পথচলা, বিভিন্ন সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময় ও স্মৃতিচারণ। একে একে তাঁরা প্রতিষ্ঠার সময়কার নানা অভিজ্ঞতা, প্রতিকূলতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরার পাশাপাশি মহাবিদ্যালয়কে ঘিরে তাঁদের স্বপ্ন ও প্রত্যয়ের কথাও ব্যক্ত করেন। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে প্রতিষ্ঠান গড়ে ওঠার নেপথ্যের নানা অজানা অধ্যায়। একইসঙ্গে মহাবিদ্যালয়ের বর্তমান অগ্রগতিতেও তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

২০১৭ সালে পথচলা শুরু করার পর থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় শিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠা দিবসের এই আয়োজন তাই কেবল একটি আনুষ্ঠানিক উদ্‌যাপন নয়, বরং প্রতিষ্ঠানের অতীতকে ফিরে দেখা এবং ভবিষ্যতের পথচলার জন্য নতুন প্রত্যয় গ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে।

স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটি সর্বাঙ্গীণভাবে সাফল্যমণ্ডিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *