ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : গুয়াহাটিতে চলতি ইউটিটি অল আসাম র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত জোড়া পদক এসেছে শিলচরে। আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে অনূর্ধ্ব ১৩ ছেলেদের বিভাগে শিলচরের বিপ্রজিত পাল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে সে ডিব্রুগড়ের নির্ভেশ শইকিয়াকে ৩-০ গেমের ব্যবধানে পরাজিত করে খেতাব জয় করে। একইভাবে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে শিলচরের আরুহি নাথ তৃতীয় স্থান অর্জন করেছে।
সেমিফাইনালে গুয়াহাটির ঈশানী গগৈয়ের কাছে ০-৩ ব্যবধানে হেরে আরুহি ব্রোঞ্জ পায়। অনূর্ধ্ব ১১ ছেলেদের বিভাগে শিলচরের শ্রীময় বণিক কোয়ার্টার ফাইনালে শিবসাগরের শাবিব আহমেদের কাছে ১-৩ ব্যবধানে পরাজিত হয়।
অনূর্ধ্ব ১১ মেয়েদের বিভাগে প্রতীক্ষা পাল কোয়ার্টার ফাইনালে লাখিমপুরের হিয়াসভি ব্রহ্মর কাছে ১-৩ ব্যবধানে হেরে যায়। অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে বিপ্রজিত পাল দ্বিতীয় রাউন্ডে ডিব্রুগড়ের আরাধ্যা বি গগৈকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে। যশরাজ পাল শিবসাগরের সম্পূর্ণ দত্তকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টারে জায়গা করে নেয়। তবে এম জেনিথ সিনহা দ্বিতীয় রাউন্ডে গুয়াহাটির অভিনব প্রতিম দাসের কাছে ১-৩ ব্যবধানে পরাজিত হয়। প্রতিযোগিতা শেষ হচ্ছে মঙ্গলবার। ফলে, আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে, পদক জয়ের জন্য বিপ্রজিত ও আরুহীকে অভিনন্দন জানিয়েছেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত ও সচিব অতনু ভট্টাচার্য।



