কাঙপোকপিতে KRA ও KNF-এর মধ্যে তীব্র সংঘর্ষ, নিহত অন্তত ২

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মণিপুরের কাঙপোকপি জেলায় KRA ও KNF-এর মধ্যে তীব্র সশস্ত্র সংঘর্ষের ঘটনায় অন্তত দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার তেইখাং গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্রের দাবি, কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় চলে। সংঘর্ষের জেরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার কারণে বেশ কিছু গ্রামবাসী এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। সংঘর্ষে নিহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। একইভাবে, অগ্নিকাণ্ডে ঠিক কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত বা পুড়ে গেছে, সে বিষয়েও সরকারি ভাবে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর তেইখাং ও আশপাশের এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

এদিকে, এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেরও আবেদন জানানো হয়েছে। বিধায়ক নেমচা কিপগেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

তবে নিহতের সংখ্যা, পরিচয় এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। ফলে প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রের ভিত্তিতে পাওয়া তথ্যই বর্তমানে সামনে এসেছে।

ঘটনাকে কেন্দ্র করে কোনও ধরনের গুজব বা সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ানোর জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে আরও সরকারি তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *