মুসলিম ছাত্রীদের জন্য বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের, স্নাতকে মিলবে বিনামূল্যে টিউশন

Spread the news

৩১ আগস্ট : সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম ছাত্রীদের জন্য বড়সড় উদ্যোগ ঘোষণা করল তামিলনাড়ু সরকার। সরকারি কোটায় ভর্তি হওয়া মুসলিম ছাত্রীদের স্নাতক স্তরে সম্পূর্ণ বিনামূল্যে টিউশন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা। পাশাপাশি প্রথম থেকে দশম শ্রেণির ছাত্রীদের জন্যও একাধিক আর্থিক সহায়তা ও বৃত্তি প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

তামিলনাড়ুর নবনির্বাচিত সংখ্যালঘু কল্যাণমন্ত্রী এএম শাহজাহান সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। শিক্ষার পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন এবং সংখ্যালঘু যুবকদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে।

সরকারি কোটায় ভর্তি হওয়া মুসলিম ছাত্রীদের স্নাতক পর্যায়ে বিনামূল্যে টিউশন সহায়তার পাশাপাশি স্কুলপড়ুয়া ছাত্রীদের জন্য বৃত্তি চালু করা হবে। এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়াও চেন্নাইয়ে একটি নতুন সংখ্যালঘু মহিলা কলা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ু ওয়াকফ বোর্ড এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে ২.৪৫ কোটি টাকা অনুদান দেবে।

অন্যদিকে, সংখ্যালঘু যুবকদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচিও নেওয়া হয়েছে। তামিলনাড়ু স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে আগামী চার বছরে ১০ হাজার সংখ্যালঘু যুবককে আধুনিক ও বাজারমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *