বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : ব্যতিক্রম গ্রুপ আয়োজিত দক্ষিণ অসমভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অডিশন পর্ব রবিবার সম্পন্ন হয়। এদিন পিএমশ্রী অরণ্যপুর এমভি স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী নাথ। উপস্থিত ছিলেন সরস্বতী বিদ্যানিকেতনের অধ্যক্ষা সুমিতা পাল, বিচারকদ্বয় দীপশংকর পাল ও অমৃতা চক্রবর্তী, মমতা রক্ষিত, বিশ্বজিৎ সিংহ, রূপায়ণ দেব-সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় ‘বন্দেমাতরম’। এরপর স্বাগত বক্তব্য রাখেন শংকর চৌধুরী। তিনি জানান, আগামী ৭ সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে দক্ষিণ অসমের ১৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
এদিনের অডিশন পর্বে তিনটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন গার্গী ভট্টাচার্য, দ্বিতীয় সৌরভ পাল এবং তৃতীয় সন্দীপ দাস। ‘খ’ গ্রুপে প্রথম স্নিগ্ধা দত্ত, দ্বিতীয় নন্দিনী ঘোষ এবং তৃতীয় প্রেমেশ্বরী সিংহ। ‘গ’ গ্রুপে প্রথম স্থান পান রাধারাণী নাথ, দ্বিতীয় রাখি দেব এবং তৃতীয় মধুমিতা দেব।
প্রতিযোগিতা শেষে কাটলিছড়ার ‘সুর ও লহরী কালচারাল মিশন’-এর পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপক বক্তব্য রাখেন প্রতিযোগিতার সংযোজক অরিন্দম রক্ষিত। তিনি প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য বিচারক, প্রতিযোগী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অডিশন পর্বে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।



