সামাজিক মাধ্যমে কমলাক্ষকে কুমন্তব্য ও সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, একাধিক থানায় মামলা বিজেপির

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : সামাজিক মাধ্যমে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য এবং সনাতন ধর্ম অবমাননার অভিযোগকে ঘিরে কাছাড় জেলায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনায় হাইলাকান্দির বাসিন্দা বি এইচ লস্করের বিরুদ্ধে কাছাড় জেলার একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

অভিযোগের সূত্রপাত সম্প্রতি শিলচরের কাছাড় কলেজের হিজাব-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দেওয়া বক্তব্যকে ঘিরে। সংবাদমাধ্যমে সেই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বি এইচ লস্কর নামে এক ব্যক্তির একটি পোস্ট সামনে আসে। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই পোস্টে বিধায়ককে উদ্দেশ করে অশালীন ও কুমন্তব্য করা হয়েছে। একইসঙ্গে সনাতন ধর্ম সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
বিষয়টি সামনে আসতেই বিজেপির বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার কাছাড় জেলার কাটিগড়া মণ্ডল, বদরপুর-পাঁচগ্রাম মণ্ডল, পশ্চিম কাটিগড়া মণ্ডল-সহ একাধিক মণ্ডলের যুবমোর্চার কর্মীরা বিভিন্ন থানায় গিয়ে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীদের বক্তব্য, সামাজিক মাধ্যমে জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের মন্তব্য এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তাঁরা অভিযুক্ত বি এইচ লস্করকে চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজেপি কর্মী-সমর্থকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্পষ্ট দাবি জানানো হয়েছে – অভিযুক্তকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে তাঁরা বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *