প্রকৃত ক্ষতিগ্রস্তরা ‘ফ্লাড ড্যামেজ’-এর টাকা থেকে বঞ্চিত, বৈষম্যের অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ‘ফ্লাড ড্যামেজ’-এর ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলেছেন হাইলাকান্দি শহরতলির ভিচিংচা প্রথম খণ্ড কামারপাড়া এলাকার বহু পরিবার। আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় ক্ষতিপূরণ বণ্টনে বৈষম্যের অভিযোগ ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

সাংবাদিকদের ডেকে নিজেদের অভিযোগের কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দা যোগেন্দ্র দে, কৃষ্ণচন্দ্র দে, স্বপন দাস, বিজয় দাস, অজয় দাস, পিন্টু দাস, রাহুল দত্ত, মনোরঞ্জন দাস, আনসার উদ্দিন-সহ আরও অনেকে। তাঁদের দাবি, বন্যার সময় জলমগ্ন ছিল এলাকা। এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট, পানীয় জল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ‘ফ্লাড ড্যামেজ’-এর ক্ষতিপূরণের টাকা পাননি।

তাঁদের অভিযোগ, রেললাইনের পূর্ব দিকে বিস্তীর্ণ এলাকা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে জলনিকাশির সমস্যা থাকায় বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাঁদের দাবি, প্রকৃত বন্যাকবলিত বহু পরিবার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থাকলেও অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত না হওয়া কিছু পরিবার ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। এমনকি হিন্দু অধ্যুষিত এলাকাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।

চলতি বছরের ছবি।

ক্ষতিপূরণ বণ্টন নিয়ে রাজনৈতিক নেতাদের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তালিকা পুনরায় যাচাই করা হোক এবং যোগ্য পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণের আওতায় আনা হোক। তাঁরা আরও জানান, দ্রুত ন্যায্য অধিকার না পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *