নিতাইনগরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত বিধায়কের কাছে আত্মসমর্পণ, আটক দুই

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : হাইলাকান্দি জেলার নিতাইনগর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছেন আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর আনাম মজুমদার।

জানা গেছে, হাইলাকান্দি পুলিশের সহযোগিতায় বিধায়কের উদ্যোগে ঘটনায় ব্যবহৃত গাড়ির চালককে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, গাড়িচালককে জিজ্ঞাসাবাদের পর নিতাইনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা সাজু আহমদ তাকে গাড়ি নিয়ে আসার জন্য ফোন করেছিলেন বলে তথ্য উঠে আসে। পরবর্তীতে সাজু আহমদ বিধায়কের কাছে এসে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

এরপর বিধায়কের বাসভবন থেকে সাজু আহমদকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নাবালিকার সঙ্গে ঠিক কী ঘটেছিল, ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে আরও কেউ রয়েছে কি না—তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নাবালিকার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *