ইমাম নির্বাচন ঘিরে কালাইনে মসজিদে তুমুল সংঘর্ষ-ভাঙচুর, মহিলা সহ আহত একাধিক

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কাছাড় জেলার কালাইন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ভূঁইয়া বাড়ির তারাপুর বড় মসজিদে জুম্মার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলা-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই মসজিদ কমিটির দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। শুক্রবার জুম্মার নামাজের আগে এক পক্ষ নতুন একজন ইমামকে মসজিদে নিয়ে এলে অপর পক্ষ আপত্তি জানায়। এ নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। মসজিদের ভেতরেও লাঠি নিয়ে মারামারি এবং ভাঙচুরের অভিযোগ রয়েছে। সংঘর্ষে কয়েকজন মহিলাও আহত হন। তবে সংঘর্ষের আগে কোনো পক্ষ পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল কি না, সেই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মসজিদ চত্বরে শতাধিক মানুষ জড়ো হন। পরে স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের চিকিৎসার জন্য কালাইন সিএইচসি-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয় কালাইন পুলিশ।

ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মসজিদ চত্বরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, সংঘর্ষে কারা জড়িত এবং ভাঙচুরের অভিযোগের সত্যতা – সবকিছুই তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *