২০ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র : প্রসেনজিৎ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : প্রায় ২০ ঘণ্টা শিলচর সদর থানার পুলিশ হেফাজতে থাকার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী প্রসেনজিৎ দেব। শুক্রবার শিলচরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে বদনাম করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।

প্রসেনজিৎ দেবের অভিযোগ, আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের প্রতীকী ইস্যুটি সামনে আনার পর থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই বিষয়টি নিয়ে সরব হওয়ার কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি তাঁকে দীর্ঘ সময় থানায় আটকে রাখার বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন প্রসেনজিৎ। তাঁর দাবি, গোটা ঘটনাটির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি সাম্প্রতিক ঘটনা এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।

অন্যদিকে, অর্থসংক্রান্ত যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও আশ্বাস দেন প্রসেনজিৎ দেব। সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা ফেরত দেওয়া হবে এবং এ নিয়ে কোনও সমস্যা থাকবে না বলে তিনি জানান। শুক্রবারের সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও খণ্ডন করেন প্রসেনজিৎ দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *