আসাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া দিবস উদযাপন শুরু

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া দিবস উদযাপন শুক্রবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের উদ্যোগে এদিন বেলা সাড়ে দশটায় বিপিনচন্দ্র পাল মিলনায়তনে মেজর ধ্যানচাঁদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, নিবন্ধক প্রদোষ কিরণ নাথ, সিকিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ভেনু পন্থ, নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক রাজু বরঠাকুর, স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপিকা এম তিনেশ্বরী দেবী, ডেপুটি ডিরেক্টর ড. তপোধীর আচার্য, এসিস্ট্যান্ট ডিরেক্টর অব স্পোর্টস ড. সিদ্ধার্থ শর্মা, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার কে আনন্দ কুমার সিংহ প্রমুখ।

জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন উপাচার্য অধ্যাপক পন্থ। তিনি বলেন, ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ক্রীড়া দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনের পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ।

২৯ আগস্ট অর্থাৎ শনিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে ‘ফিট ইন্ডিয়া’ শপথ পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর বেলা ১১টা ১০ মিনিট থেকে শিক্ষার্থীদের জন্য ১০০ মিটার দৌড়, চামচ দৌড় এবং একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজিত হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগের শিক্ষার্থীরা দৌড় ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

উদযাপনের শেষ দিন অর্থাৎ ৩০ আগস্ট সকাল ৭টায় আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জাতীয় ক্রীড়া দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *