গান্ধী ভবনের সংস্কার ও হল ভাড়া কমানোর দাবি সাংস্কৃতিক-নাগরিক সমাজের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী অনুষ্ঠানস্থল গান্ধী ভবনের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অত্যধিক হল ভাড়া কমানোর দাবিতে সোমবার শিলচর মিউনিসিপ্যাল কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করলেন সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৬৪ জনের স্বাক্ষরযুক্ত এই স্মারকলিপিতে গান্ধী ভবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবি জানানো হয়।

রূপম সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক নিখিল পাল প্রথমে গান্ধী ভবনের সমস্যাগুলি কমিশনারের সামনে তুলে ধরেন। স্মারকলিপিতে অডিটোরিয়াম ও মঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, অচল ফ্যান দ্রুত মেরামত, গ্রিনরুম সম্প্রসারণ, শৌচাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অডিটোরিয়ামের সার্বিক সংস্কারের দাবি জানানো হয়েছে।

এছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বার্থে বর্তমানে ধার্য প্রতিদিন ৮ হাজার টাকা হল ভাড়া কমানোর জন্যও কমিশনারের কাছে আবেদন জানানো হয়। কমিশনার দাবিগুলিকে যুক্তিসঙ্গত বলে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি কোর কমিটি গঠন করে পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত করার প্রস্তাব দেন।
কমিশনারের আশ্বাসকে স্বাগত জানিয়ে আয়োজকরা গান্ধী ভবনের সংস্কার ও অন্যান্য দাবির ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *