বরাক তরঙ্গ, ২২ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা! উৎকট গরমে কিছুটা স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জলে ডুবে একই সঙ্গে চার শিশুকন্যার মৃত্যু ঘটল। ঘটনাটি সংঘটিত হয় বিজনীর পানবাড়ি দামুগাঁও এলাকায়। শুক্রবার তীব্র গরমের মধ্যে পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় তারা। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত চার শিশু হল রাকিবা খাতুন, সুহানা পারভিন, সঞ্জুমা খাতুন ও মাসুমা খাতুন। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে তারা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল বলে জানা গেছে। চারজনই জলে তলিয়ে যায় এবং পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা পুকুরপাড়ে ভিড় জমান। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। চার শিশুর আকস্মিক মৃত্যুতে পানবাড়ি দামুগাঁও এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।



